রোহিঙ্গাকে জন্ম সনদ দেওয়ায় ইউপি সচিব গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগর উপজেলায় রোহিঙ্গা যুবককে জন্ম সনদ প্রদানের অভিযোগে সদর ইউনিয়ন পরিষদের সচিব ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তার ইউপি সচিবকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের নিমাইকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের ভুয়া পরিচয়ে জন্ম নিবন্ধন বানিয়ে পাসপোর্ট করতে এসে ইয়াছিন (১৯) নামের এক রোহিঙ্গা যুবক আটক হয়। পরে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা যুবক ইয়াছিন জানায়, সে মিয়ানমারের বলিবাজার এলাকার সৈয়দ হোসেনের ছেলে। মিয়ানমার থেকে বাংলাদেশে আসার পর কক্সবাজার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে থাকত। তার চাচাতো ভাই ওসমান কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসসংলগ্ন একটি ট্রাভেল এজেন্সির দুই দালালের কাছে পাসপোর্ট করার কন্ট্রাক্ট দেন। পরে কন্ট্রাক্ট অনুযায়ী দালালরা কুমিল্লার মুরাদনগরের পশ্চিম ঘোড়াশাল গ্রামের ভুয়া ঠিকানায় রোহিঙ্গা যুবক ইয়াছিনের সব কাগজপত্র তৈরি করে দেয়। এ ঘটনার তদন্তে নেমে ইউপি সচিব ইসমাইল হোসেনসহ বেশ কয়েকজনের সম্পৃক্ততা পায় গোয়েন্দারা।