সালিশি বৈঠকে হামলা, আহত যুবকের মৃত্যু

লীজের জায়গা নিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম সুমন শেখ (৩০)। শুক্রবার দিনগত রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। নিহত সুমন জেলার শ্রীনগর উপজেলার পূর্ব আটপাড়া গ্রামের রমিজ উদ্দিন শেখের ছেলে। 

এর আগে ওইদিন সকাল ৯টার দিকে পূর্ব আটপাড়া গ্রামে সালিশি বৈঠকে ভাই আলাউদ্দিন শেখের লোকজন অপর ভাই রমিজ উদ্দিন শেখের ছেলে সুমনকে মারধর ও মাথায় ইটের আঘাত করে। 

স্থানীয়রা জানান, পূর্ব আটপাড়া গ্রামের নিজ নিজ মালিকানাধীন সম্পত্তির সামনে থাকা সরকারি খাস জমি সমহারে ভোগ দখল করে আসছিলেন দুই ভাই আলাউদ্দিন শেখ ও রমিজ উদ্দিন শেখ। সম্প্রতি ভাই আলাউদ্দিন শেখ ভূমি অফিস থেকে ওই সরকারি খাস জায়গা তার মেয়ের নামে লীজ আনে। এতে দুই ভাইয়ের মধ্যে বিরোধ দেখা দিলে শুক্রবার সকালে পূর্ব আটপাড়া গ্রামের সিদ্দিক বেপারীর সারের দোকানের সামনে সালিশি বৈঠক বসে। 

স্থানীয় ইউপি সদস্য মো. আবুল ও গ্রাম্য মাদবর সিদ্দিক বেপারীসহ কয়েকজন মিলে সালিশে মীমাংসার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে আলাউদ্দিন শেখের লোকজন প্রতিপক্ষ অপর ভাই রমিজ শেখ ও তার ছেলে সুমন শেখের উপর হামলা চালায়। এ সময় সুমনকে মারধর ও মাথায় একের পর এক ইট দ্বারা আঘাত করে। পরে আহত অবস্থায় সুমন শেখকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। 

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর সালিশি বৈঠকে হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলায় আহত অবস্থায় একজনকে ঢামেকে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত সুমন শেখের মা রওশন আরা বেগম বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিদে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।