জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে হাজেরা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত হাজেরা বেগম বাট্টাজোড় পশ্চিম পাড়া তালুকদার বাড়ির মোয়াজ্জেম হোসেন জজ তালুকদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শ্রীবরদী উপজেলায় জামাতার বাড়ি থেকে ইঞ্জিনচালিত ভ্যানে করে নিজ বাড়িতে ফিরছিলেন হাজেরা বেগম। পথে চন্দ্রাবাজ এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত হাজেরা বেগমের ওড়না চলন্ত ভ্যানের চাকার সঙ্গে জড়িয়ে গেলে তিনি গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বকশিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সাহা জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।