ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ভূমি ব্যবস্থাপনার স্মার্ট ডিজিটালাইজেশন বৈধ মালিকদের স্বার্থ সংরক্ষণ করবে। এটি অবৈধ দখল রোধ করার পাশাপাশি অসৎ উপায়ে অর্জিত অর্থে ভূমি ক্রয়ের প্রচেষ্টাও প্রতিহত করবে।
গতকাল শনিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত জনবান্ধব ডিজিটাল জরিপবিষয়ক কর্মশালা ও অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী আরও বলেন, আমরা পদ্ধতিগত পরিবর্তনের মাধ্যমে দুর্নীতি নির্মূলের লক্ষ্যে এগিয়ে চলেছি। এই উদ্যোগ স্মার্ট বাংলাদেশ গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘আমরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবস্থাকে ভূমি মালিকানা ব্যবস্থাপনার সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা করেছি। এই উদ্যোগ সফল হলে ভূমি-সংক্রান্ত অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ। বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আহসান হাবীব, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মো. মোমিনুর রশীদ, জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ, বরিশালের জোনাল সেটেলমেন্ট অফিসার মৃধা মো. মোজাহিদুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা তালুকদার মো. ইউনুস প্রমুখ।