স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা কার্যালয়ের প্রকৌশলী তারেক বিন ইসলাম অফিসে বসেই ধূমপান করেন। এতে সেবা নিতে আসা অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিনই সরকারি অফিসে বসে ধূমপান করেন এ কর্মকর্তা। প্রায় সময় তার এক হাতে থাকে সিগারেট, অন্য হাতে সই করেন সেবাগ্রহীতাদের ফাইলে।
জানা গেছে, সরকারি বিধি অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ। এ জন্য জরিমানার বিধান রাখা হয়েছে। এ ছাড়া যানবাহন, জনসমাগম স্থল এবং সরকারি-বেসরকারি অফিসে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাগ্রহীতা বলেন, বিভিন্ন কাজে প্রায়ই এলজিইডির কর্মকর্তার কক্ষে যেতে হয়। দুর্গন্ধে তার কক্ষে যাওয়া খুবই কষ্ট। অফিসে যত লোকই থাকুক না কেনো, তিনি সবার সামনেই ধূমপান করেন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম কোনো বক্তব্য দিতে রাজি হননি। অফিসে বসে প্রকাশ্যে ধূমপান অপরাধ কি না? —এমন প্রশ্নে তিনি কোনো উত্তর দেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজিত কুমার চন্দ বলেন, আইন অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান নিষেধ। এ ছাড়া অফিসে বসে কোনো ব্যক্তি বা কর্মকর্তা-কর্মচারী প্রকাশ্যে ধূমপান করতে পারেন না। অফিসে ধূমপান করা একটি দণ্ডনীয় অপরাধ। খোঁজ নিয়ে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান।
এলজিইডির মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ বলেন, সরকারি অফিসে বসে সেবাগ্রহীতাদের সামনে ধূমপানের কোনো সুযোগ নেই। যদি কেউ আইন ভঙ্গ করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।