আড়াইহাজারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দৈনিক যায়যায়দিনের সাংবাদিক রফিকুল ইসলাম রানার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আড়াইহাজার থানা প্রেস ক্লাব কার্যালয়ে গতকাল রবিবার বেলা ১১টায় প্রতিবাদ সভা হয়।

এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ। উপস্থিত ছিলেন সাংবাদিক মজিবুর রহমান, রশিদ আহমেদ, সফুর উদ্দিন প্রভাত, শাহজাহান কবির, শাহজাহান সিরাজ, মোক্তার হোসেন আজাদ, জাকির হোসেন, মোস্তফা কামাল, হাবিবুর রহমান হাবিব, মনিরুজ্জামান সরকার, জাইদুল ইসলাম, জিয়াউর রহমান প্রমুখ। সভায় হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

প্রসঙ্গত,  একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ১৯ জুন সকালে দক্ষিণপাড়া গ্রামে দুই যুবককে আটক করে মারধর ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। রফিকুল ইসলাম রানা এ ব্যাপারে তথ্য সংগ্রহ করার সময় গ্রামের ৫০-৬০ জন তাকে মারধর করে। এ ঘটনায় আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।