ভুয়া ঋণে ৩ হাজার কোটি আত্মসাৎ ৪ ব্যাংক কর্তার

প্রিমিয়ার ব্যাংকের চার কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। গতকাল রবিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। নিষেধাজ্ঞা পাওয়া কর্মকর্তারা হলেন, প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত মহাপরিচালক ও নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. শহিদ হাসান মল্লিক, ভাইস প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ শাখার দ্বিতীয় কর্মকর্তা মুশফিকুল আলম, ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ দীপক কুমার দেবনাথ, ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ মেহেদী হাসান সরকার।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে তিনি আরও বলেন, তিন হাজার কোটি টাকার ভুয়া ঋণ মঞ্জুর করে অর্থ আত্মসাৎ করার অভিযোগে এ কর্মকর্তাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়। দুদকের উপপরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মো. মোস্তাফিজুর রহমান নিষেধাজ্ঞা আবেদনে বলেন, ব্যাংকটির নারায়ণগঞ্জ ও প্রধান কার্যালয়ের কতিপয় বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে ব্যাক টু ব্যাক এলসি সুবিধার আড়ালে জাল-জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৪৩টি সন্দেহভাজন তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ৩ হাজার কোটি টাকা ভুয়া ঋণ মঞ্জুর করে আত্মসাৎসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করার অভিযোগের অনুসন্ধান চলছে।

গোপন সূত্রে জানা যায়, অভিযোগ-সংশ্লিষ্টরা অর্থ পাচার ও দেশত্যাগের পরিকল্পনা করছেন।