সিটি ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত অনুসারে গতকাল সোমবার আজিজ আল কায়সার ব্যাংকটির চেয়ারম্যান ও হোসেন খালেদ ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হলেন। এ ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আজিজ আল কায়সার এ নিয়ে চতুর্থবারের মতো ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হলেন। ২০০৭ সালে প্রথমবারের মতো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিন মেয়াদে নেতৃত্ব দিয়ে তিনি সিটি ব্যাংককে দেশের অন্যতম শীর্ষ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করেন। আজিজ আল কায়সারের হাত ধরেই ২০০৮ সালে এ ব্যাংকের পুনর্গঠনের কাজ শুরু হয়। তিনি এ ব্যাংকের চার সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সিটি ব্রোকারেজ লিমিটেড, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড, মালয়েশিয়ায় ১৫টি শাখা সম্পন্ন সিবিএল মানি ট্রান্সফার কোম্পানি এবং সিটি হংকং লিমিটেড স্থাপনে অগ্রণী ভূমিকা রাখেন। আজিজ আল কায়সার বর্তমানে পারটেক্স স্টার গ্রুপের পরিচালক এবং এর বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হওয়া হোসেন খালেদ দেশের একজন সুপরিচিত ব্যবসায়ী ও এ ব্যাংকের একজন অন্যতম উদ্যোক্তা পরিচালক। বিজ্ঞপ্তি