বিষাদময় ম্যাচের সাক্ষী সেই মেটলাইফেই ফিরছেন মেসি

সালটা ২০১৬। কোপার শতবর্ষ উপলক্ষে বিশেষ কোপা টুর্নামেন্টের আয়োজক যুক্তরাষ্ট্র। সেবার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা ও চিলি। আগের বছরও ফাইনাল খেলেছিল এই দুটি দেশ।

লিওনেল মেসির আর্জেন্টিনা ২০১৪ বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর একই ভাগ্য বরণ করেছিল ২০১৫ কোপা আমেরিকাতেও। এবার মেটলাইফ স্টেডিয়ামে চিলির কাছে হারের প্রতিশোধ নেবেন মেসি, তার হাতে উঠবে কোপা আমেরিকার শিরোপা। এমনটি ভাবনা ছিল আর্জেন্টিনার ফুটবল ভক্তদের।

পরের গল্পটা মেসি প্রেমীদের জানা। ২০১৬ এর সেই ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ছিল। পরে টাইব্রেকারে ৪-২ এ জিতে নেয় চিলি। মেসি আর্জেন্টিনার হয়ে টাইব্রেকারে প্রথম শটটি নিতে গিয়ে উড়িয়ে মেরেছিলেন বারের ওপর দিয়ে।

ম্যাচটি হারের পর হতাশায় জার্সি দিয়ে মুখ ঢাকেন মেসি। কাঁদলেনও। আর্জেন্টাইনরা আরেকটি ফাইনাল হারের দুঃখ কি সইবেন এরই মধ্যে এলো আরেক ঘোষণা। মেসি বলেন, 'আমার জাতীয় দলের হয়ে খেলার অধ্যায় শেষ!'

৯৪ বিশ্বকাপ ফাইনালে ইতালির রবার্তো ব্যাজ্জিওর মতো টাইব্রেকারের শট পোস্টের ওপর দিয়ে তুলে দিলেন মেসি

পরে মেসি অবসর ভেঙে ফিরেছেন আর্জেন্টিনা দলে, দলকে তুলেছেন ২০১৮ বিশ্বকাপের মূল পর্বে। সেবার না হলেও ২০২১ এ কোপা আমেরিকা এবং ২০২২ এ কাতারে বিশ্বকাপ জয় মেসিকে দিয়েছে ফুটবল ক্যারিয়ারের পূর্ণতা। আর্জেন্টিনা ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে জিতেছে বিশ্বকাপ।

হঠাৎ কেন বিশদভাবে সেই ২০১৬ এর ঘটনা মনে করা? এবারও যুক্তরাষ্ট্রে বসেছে কোপা আমেরিকার আসর। ৮ বছর পর বাংলাদেশ সময় বুধবার সকালে সেই মেটলাইফ স্টেডিয়ামেই আবারও মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও চিলি।   

শট মিসের পর হতাশ মেসি

কোপা আমেরিকায় 'এ' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও চিলি। গ্রুপে প্রথম ম্যাচে মেসির আর্জেন্টিনা ২-০ গোলে হারিয়েছে কানাডাকে। আর চিলি পেরুর সঙ্গে গোলশূন্য ড্র করে।