তৃতীয়বার দায়িত্ব নেওয়ার পর রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল মঙ্গলবার ক্রেমলিনের বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা দ্য অ্যাসোসিয়েট প্রেস (এপি)। তবে এখনো মোদির সফরের কোনো তারিখ ঘোষিত হয়নি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেছেন, মোদির সফরের প্রস্তুতি চলছে। তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর রাশিয়ায় এটাই তার প্রথম সফর। তবে ঠিক কবে তিনি আসবেন সেই তারিখ এখনো নিশ্চিত হয়নি। মোদি ২০১৯ সালে একটি অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সর্বশেষ রাশিয়া সফর করেছিলেন। তার আগে মস্কো সফর করেছিলেন ২০১৫ সালে। স্নায়ুযুদ্ধের সময় থেকেই ভারতের সঙ্গে রাশিয়ার দৃঢ় সম্পর্ক। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করার পর থেকে মস্কোর মূল বাণিজ্য অংশীদার হিসেবে দিল্লির গুরুত্ব বেড়েছে।