বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুন, একজনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে বিস্ফোরণের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আরও দুই শ্রমিক নিঁখোজ রয়েছে বলে জানা গেছে। 

বুধবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে জ্বালানী তেল বোঝাই ট্রলারে আগুন লাগে। দুপুরে সাড়ে ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।  

এদিকে আগুন নিয়ন্ত্রনের পর ট্রলার থেকে এক শ্রমিকের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। আরেক শ্রমিককে ঘটনার পর পরই ঢাকায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রলারে থাকা শতাধিক তেলের ড্রাম বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে উঠে। মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। আগুন লাগার সময় ওই ট্রলারে চার শ্রমিক ছিলো। ঘটনার পর একজন নদীর পাড়ে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ ছিল। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা এরই মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছি।

ঘটনাস্থলে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা ডিপোর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। আমরা যতটুকু জেনেছি ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল লোড করা ছিল। এ সময় তেলের ড্রামবাহী ট্রলারে চারজন শ্রমিক রান্না করছিলেন বলে শুনেছি। হয়তো সেখানে থেকে এ ঘটনা ঘটতে পারে।