বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার দুপচাঁচিয়া জাহানারা কামরুজ্জামান (জে.কে) ডিগ্রী কলেজের সামনে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সাদিকুল ইসলাম (১৭) ও মোসাদ্দেকুল ইসলামের (১৭)। তারা জেলার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর সোনারপাড়া এলাকার বাসিন্দা। তারা দুজন বন্ধু এবং একই কলেজে পড়াশোনা করে।
পুলিশ ও নিহতদের স্বজনদের সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মোটরসাইকেল নিয়ে জেলার কাহালু উপজেলার রাবেয়া পার্কে বেড়াতে যায় সাদিকুল এবং মোসাদ্দেকুল। বেড়ানো শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে দুপচাঁচিয়া জে. কে. কলেজের সামনে অজ্ঞাত পরিচয় একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোসাদ্দেকুল নিহত হয়। এ সময় আহত অবস্থায় সাদিকুলকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, ট্রাকের কাউকে আটক করা যায়নি। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।