ডাককর্মীদের ৫১ কোটি লুট, দুদকে প্রতিমন্ত্রীর চিঠি

গ্রাহকের অর্থ এবং ডাকের নিজস্ব তহবিল মিলিয়ে ডাক বিভাগের কর্মীরা ৫১ কোটি টাকা লোপাট করেছে। এ রকম ১১টি অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এসব কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

গতকাল বুধবার রাজধানীর গুলশানে একটি হোটেলে এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলা পোস্ট অফিসে পরিবার সঞ্চয়পত্রে পারুল বেগম নামের এক নারীর জমা রাখা ২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে পোস্টমাস্টার মোহাম্মদ মোকসেদ আলীর বিরুদ্ধে। টাকা ফেরত না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন পারুল বেগম।

ওই ঘটনার পর আর কোনো গ্রাহক প্রতারিত হয়েছেন কি না, তা জানতে তানোরসহ দেশের বিভিন্ন উপজেলায় মাইকিং করে জানানোর উদ্যোগ নেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী। এতে শুধু তানোরেই আরও ৫১ জন গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

এ ছাড়া চট্টগ্রাম জিপিওতে ২৯ কোটি টাকা, নোয়াখালী পোস্ট অফিসে সাড়ে ৯ কোটি টাকা, বরিশাল মেডিকেল কলেজ পোস্ট অফিসে ২ কোটি, পটুয়াখালী পোস্ট অফিসে ২ কোটি, যশোর পোস্ট অফিসে ১ কোটি ৮৪ লাখ, শ্যামপুর পোস্ট অফিসে ৭৩ লাখ, দিনাজপুর পোস্ট অফিসে সঞ্চয়পত্রের ১২ লাখ টাকা আত্মসাতের ঘটনা রয়েছে।

এত অনিয়ম বন্ধ করে বছরে ডাক বিভাগের ৭০০ কোটি টাকা লোকসান ঠেকাতে গাড়ি-জমি লিজ দেওয়ার উদ্যোগ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। যাতে ২০টি প্রতিষ্ঠান সাড়া দিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আগামী ১৭ বছরের মধ্যে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন করা হবে। যেখানে বাংলাদেশের একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে। মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার ডলার। আমাদের কমপক্ষে ৫০টি ইউনিকর্ন এবং ৫০ বিলিয়ন ডলারের আইসিটি শিল্প থাকবে।’