টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। যে কোন ফরম্যাটে ক্রিকেট বিশ্বকাপে এবারই প্রথম ফাইনালে উঠলো দক্ষিণ আফ্রিকা।
ম্যাচের আগে টস ভাগ্য ছিল আফগানিস্তানের পক্ষে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আফগান অধিনায়ক রশিদ খান। তবে মাত্র ৫৬ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। প্রোটিয়ারা সহজ জয় পায় ৬৭ বল হাতে রেখে।
সেমিফাইনাল জয়ের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম বলেন, 'ভালো লাগছে। দারুণ দলীয় প্রচেষ্টা। টস হেরে সৌভাগ্যবান লাগছে। আমরাও আগে ব্যাট করতাম। এমন কন্ডিশনে বোলাররা আলাদা কিছুই করেনি। ঠিক জায়গায় বল করে গেছে। ব্যাটসম্যানদের জন্য কাজটা কঠিন হলেও আমরা জানতাম, একটি জুটি গড়তে পারলেই হবে। আমাদের অনেকেই আছেন অপেক্ষায় যাদের চুল পেকেছে। এ জয় তাদের মনে অনেকখানি তৃপ্তি এনে দেবে। আমরা এর আগে কখনো ফাইনালে উঠিনি।'
১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়ানসেন। আর এক ম্যাচ (ফাইনাল) জিতলেই ইতিহাসের প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে মার্করামের দল।