চলন্ত ট্রেনে প্রথমে অশালীন আচরণ, পরে ধর্ষণ 

চলন্ত ট্রেন উদয়ন এক্সপ্রেসে এক তরুণীকে (১৯) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আরও একজনকে  গ্রেপ্তার করেছে চট্টগ্রাম  রেলওয়ে পুলিশ। তার নাম আবদুর রউফ ওরফে রাসেল (২৮)। আজ বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে নোয়াখালীর  বেগমগঞ্জ থেকে আবদুর রবকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো।  গ্রেপ্তার হওয়া চারজনই ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের কর্মচারী।

আবদুর রবকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, ‘চলন্ত ট্রেনের খাবার বগিতে তরুণী ধর্ষণের ঘটনায় আবদুর রবকে নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর  থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর আবদুর রব পালিয়ে তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করেছিলেন।

রেলওয়ে পুলিশ জানায়, গতকাল বুধবার ভোরে কুমিল্লার লাকসাম পার হওয়ার পর উদয়ন এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এর আগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- মো. জামাল (২৭), মো. শরীফ (২৮) ও মো. রাশেদ (২৭)। 

রেল পুলিশ সূত্র জানায়, বুধবার ভোরে চলন্ত ট্রেনে ধর্ষণের এই ঘটনা ঘটলেও ঘটনাটি জানাজানি হয় গতকাল বুধবার সন্ধ্যার পর। উদয়ন এক্সপ্রেস সিলেট  থেকে মঙ্গলবার রাত ১০টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। চট্টগ্রামে পৌঁছায় বুধবার সকাল আটটায়।

রেলওয়ে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) হাছান চৌধুরী বলেন, ‘সিলেট থেকে উদয়ন এক্সপ্রেস ট্রেনটি গত (মঙ্গলবার) রাত দশটায় শিডিউল অনুযায়ী চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। সকাল আটটায়  ট্রেনটি চট্টগ্রামে  পৌঁছে। এরপর এক তরুণী জিআরপি থানায় গিয়ে অভিযোগ করেন, ট্রেনে তার সঙ্গে কয়েকজন কর্মী প্রথমে অশালীন আচরণ করেন এবং পরে তাকে ধর্ষণ করেন। অভিযোগ পেয়ে তিনজনকে গ্রেপ্তার করি।’  

জানা গেছে, ঘটনার শিকার আনুমানিক বিশ বছর বয়সী ওই তরুণীর বাড়ি বান্দরবান জেলায়। তিনি আত্মীয়ের সঙ্গে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় থাকেন। এস এ করপোরেশন চট্টগ্রাম-সিলেট রুটে চলাচলরত উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেসে খাবার সরবরাহের কার্যক্রম পরিচালনা করে আসছিল। প্রতিষ্ঠানটির মালিক কুমিল্লা জেলার লাকসামের মোহাম্মদ শাহ আলম। 

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাজমুল ইসলাম জানান, এই ঘটনায় এস এ করপোরেশনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই ঘটনায় উদয়ন এক্সপ্রেসের পরিচালক (গার্ড) আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।