অনেকটা আত্ম অহকাংর আর দাম্ভিকতা নিয়ে ১৪ দিন পর জনসম্মুখে এলেন ছাগলকান্ডের বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ড. মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকী। এ সময় অবৈধ টাকার দম্ভ, রাজনৈতিক ক্ষমতার আভাস তার চোখে-মুখে ফুটে ওঠে।
নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গত বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ে আসেন লাকী। এ সময় উপজেলা পরিষদ কার্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত দুটি প্রস্তুতি সভায় অংশ নেন তিনি। এ সময় সেখানে সাংবাদিকদের উপস্থিতি চাননি তিনি। তাই সাংবাদিকদের সভা কক্ষে যেতে নিষেধ করা হয়।
ওই মিটিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে বেলা ১টার দিকে একটি কালো পাজারো গাড়িতে উপজেলা থেকে বের হয়ে যান। এ সময় অফিসের বাইরে তার বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
মিটিং শেষে বের হলে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেনি লায়লা কানিজ লাকী। তবে, ওই সময় লাকীকে বলতে শোনা যায়, ‘পাছে লোকে কত কিছুই বলবে। তাতে আমার কোনো কিছু আসবে-যাবে না।’
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা যায়, গত বুধবার রাতে বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ড. মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকী ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের উজানভাটি নামের একটি রেস্তোরাঁয় রায়পুরার ইউপি চেয়ারম্যানদের সঙ্গে এসেছিগোপন বৈঠক করেন। এ সময় লাকী বলেন, ‘ঢাকার জাতীয় পত্রিকা ও টিভির বড় বড় সাংবাদিকসহ রায়পুরার সাংবাদিকদের কিনেই রায়পুরায় এসেছি। তারা আর কিছু করতে পারবে না। সব থেমে যাবে।’ তবে এ কথার কোনো ভিডিও রেকর্ড পাওয়া যায়নি।
এর আগে গত ঈদের তিন দিন আগে (১৩ জুন বৃহস্পতিবার) সর্বশেষ অফিস করেছেন লায়লা কানিজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছাগলকান্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকী। ছাগলকান্ডের পর থেকেই উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ জনসম্মুখে আসেননি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে, আজও সাংবাদিকদের এড়িয়ে যান এই জনপ্রতিনিধি।
সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে ২০২২ সালে রাজনীতিতে এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা চেয়ারম্যান হন লায়লা কানিজ। এ ছাড়া আছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদকের দায়িত্বে। ছাগলকান্ডের পর তার নামে থাকা সম্পদের বিবরণ শুনে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় ব্যক্তিরা।
এসব বিষয়ে কথা বলতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকীর মোবাইল ফোনে কল দিয়েও সাড়া পাওয়া যায়নি।