‘আমাদের শেখাতে এসো না রিভার্স সুইং কি’- রোহিতকে ইনজামাম

জমে উঠেছে ইনজামাম-রোহিত-ইনজামাম কথার লড়াই। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্শদীপ সিংয়ের রিভার্স সুইং নিয়ে বল টেম্পারিংয়ের ইঙ্গিত তুলে আম্পায়ারদের চোখ খোলা রাখতে আহ্বান জানিয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। তার বিপরীত জবাবে ইনজামামকে মাথা দিয়ে চিন্তা করতে বলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এবার রোহিতের কথার জবাব দিয়েছেন ইনজামাম।

পাকিস্তানের একটি টিভি চ্যানেলে রোহিতের কথার জবাব দিয়ে ইনজামাম বলেন, 'মাথা তো আমি নিশ্চয়ই খুলে নিব। প্রথম কথা সে বলেছে রিভার্স সুইং হচ্ছে, যা আমি বলেছিলাম। রোহিত শর্মার আমাদের বলে দেওয়ার প্রয়োজন নেই- রিভার্স সুইং কীভাবে হয়, কতটুকু রোদের মধ্যে হয়, কোন ধরনের পিচে হয়। যারা শিখিয়েছে, তাদের শেখাতে হয় না। এসব কথাবার্তা ভালো নয়।'

ভারতের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের কোনো অভিযোগ নয় বরং শুধুমাত্র আম্পায়ারকে পরামর্শ দিতেই মন্তব্য করেছিলেন তিনি, বিষয়টি নিশ্চিত করে ইনজামাম উল হক বলেন, 'যিনি প্রশ্ন করেছিলেন, যে বল টেম্পারিং করা হচ্ছে। না, আমি এটা বলিনি। ভুল প্রশ্ন করা হয়েছিল। আমি আম্পায়ারকে পরামর্শ দিয়েছিলাম, ‘১৫তম ওভারে রিভার্স সুইং হচ্ছে, চোখ খোলা রাখুন।'

ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে খোঁচা দিয়ে ইনজামাম উল হক আরো বলেন, 'এখনো আম্পায়ারের প্রতি আমার এই পরামর্শ থাকবে। সঙ্গে আম্পায়ার যদি তার মাথাও খোলা রাখেন, তাহলে অনেক ভালো হয়ে যাবে। সে (রোহিত) তো শুধু মাথা খোলা রাখার কথা বলেছে। আমি আম্পায়ারকে বলব, `চোখও খোলা রাখুন, মাথাও খোলা রাখুন।' 

বলে রাখা ভালো ইনজামাম উল হকের মন্তব্যের জবাবে  মুখে কিছুটা বিরক্তি নিয়ে রোহিত বলেছিলেন, 'এখন কী জবাব দেব আমি এটার ভাই? এত রোদের মাঝে খেলছেন আপনি, এত শুষ্ক উইকেট, বল রিভার্স আপনা-আপনি হয়। শুধু আমাদের কেন, সব দলের হচ্ছে। মাঝেমধ্যে মাথা কিছু খুলে রাখাটাও জরুরি। বোঝা জরুরি কোন কন্ডিশনে খেলা হচ্ছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় ম্যাচ হচ্ছে না। এটাই আমি বলব।' মূলত রোহিতের এই মন্তব্যেই চটেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।