জামালপুর পৌর শহরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী কারিমুল ইসলাম নামের এক পরীক্ষারর্থীর মৃত্যু হয়েছে। পরীক্ষার জন্য তিনি বাবা-মার কাছে দোয়া নিতে যাচ্ছিলেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। শনিবার (২৯ জুন) বিষয়টি ফেইসবুকের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন তার মৃত্যুর খবর।। এ ঘটনায় সিএনজিচালককে আটক করেছে পুলিশ।
নিহত পরীক্ষার্থী কারিমুল ইসলাম জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল গিলাবাড়ি এলাকার ব্যবসায়ী সামিউল হকের ছেলে। তিনি সরকারি আশেক মাহমুদ কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, শিক্ষার্থী কারিমুল ইসলাম জামালপুর পৌর শহরে পশ্চিম নয়াপাড়া এলাকার একটি বেসরকারি ছাত্রাবাসে থেকে পড়ালেখা করতেন। তিনি সরকারি আশেক মাহমুদ কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। গতকাল শুক্রবার বিকালে পৌর শহর থেকে সিএনজিতে করে বাবা-মায়ের কাছে দোয়া নেওয়ার জন্য নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। সিএনজিটি শহরের মির্জা আজম চত্বরের একটু সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পরীক্ষার্থী কারিমুল আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে তাকে অজ্ঞতানামা পরিচয়ে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার্থী কারিমুলকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় না পাওয়া গেলে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের ছবি পোস্ট করেন এবং পরিচয় জানতে চান। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ সকাল সাড়ে ৯ টার দিকে কারিমুলের মৃত্যুর বিষয়টি পরিবারের লোকজন জানতে পারেন। এ ঘটনায় পুলিশ সিএনজিচালককে আটক করে আদালতে প্রেরণ করেছে।
নিহত কারিমুলের বন্ধুরা জানান, আগামীকাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। বাবা—মার কাছে দোয়া নেওয়ার জন্য মেস থেকে বের হয়। শহরের মির্জা আজম চত্বর থেকে একটু সামানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে তিনি আহত হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনার বিষয়টি আমরা কেউ জানতাম না। এটি আমাদের সবচেয়ে কষ্টের বিষয়। আজ সকালে আমরা বিষয়টি ফেইসবুকের মাধ্যমে জানতে পেরেছি।
সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ বলেন, ‘ছেলেটি মেসে থেকে পড়াশোনা করতো। খুবই মেধাবী শিক্ষার্থী ছিল। গতকাল দোয়া নিতে বাড়িতে যাচ্ছিল। যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি আজ সকালে জানতে পেয়ে হাসপাতালে আসি।’
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ‘সিএনজি চালককে আটক করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’