২০০০ বস্তা চাল বিলিয়ে মংডুর মুসলিমদের সমর্থন চাইছে জান্তা

মিয়ানমারের মংডুতে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) একটি গুদাম লুট করে ২০০০ বস্তা চাল নিয়ে গেছে জান্তা সৈন্যরা। লুট করার পর সেই গুদামে আগুন লাগিয়ে দেওয়া হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম নারিঞ্জারা নিউজ।

জান্তা মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন ডব্লিউএফপির গুদাম লুট করার ঘটনা স্বীকার করেছেন। গত ২৭ জুন সামরিক মালিকানাধীন সংবাদপত্র এ তথ্য জানায়।

তিনি দাবি করেন, গত ২১ জুন চালগুলো সরিয়ে ফেলা হয়েছে। আরাকান আর্মির হাত থেকে চাল বাঁচাতে এবং স্থানীয়দের মাঝে বিলিয়ে দিতেই এটি করা হয়েছে। তবে গুদামে আগুন দেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি এটি আরাকান আর্মির ড্রোন হামলা বলে দাবি করেন। 

মংডুর একজন মুসলিম বাসিন্দা জানিয়েছেন, জান্তারা ২০১৯ পরিবারের মাঝে এই চাল বিতরণ করে। তাদের কাছে জান্তার জন্য সমর্থনও চাওয়া হয়।