রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের কিছু কর্মীর ই-মেইল হ্যাকিংয়ের শিকার হয়েছে। যার ফলে ব্যাংকটির তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। কিল সিকিউরিটি নামে একটি হ্যাকার গ্রুপ ১২ হাজারের বেশ কিছু তথ্য চুরি করেছে বলে দাবি করে হ্যাকার গ্রুপ। এ বিষয়ে হ্যাকাররা অর্থও দাবি করেছিল। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি বলছে, পুরো সার্ভার হ্যাকারের কবলে পড়েনি। কিছু কর্মীর ই-মেইল আইডির হ্যাকারের হাতে গেলেও সেটি রিকভারি হয়েছে।
জানা গেছে, কিল সিকিউরিটি নামের হ্যাকার গ্রুপটি অগ্রণী ব্যাংকের ১২ হাজারের বেশি তথ্য হ্যাক করেছে। টেলিগ্রাম মাধ্যমে গত ১৭ মে হ্যাকাররা বার্তা দিয়ে জানায় যে, তাদের ৫ হাজার ইউরো না দিলে এসব গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দেবে।
অগ্রণী ব্যাংক সূত্র জানায়, বড় ধরনের হ্যাকের কোনো ঘটনা ঘটেনি, কয়েকজন কর্মীর ই-মেইল আইডি হ্যাকড হয়েছিল।
এ বিষয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মুরশেদুল কবীর বলেন, আমাদের এই ধরনের কিছু ঘটনা ঘটেছিল। এখন সব কিছুই আমাদের নিয়ন্ত্রণে আছে। এতে আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি। আমাদের আইটি টিম সজাগ আছে।