সহকর্মীর স্বর্ণালংকার ফোন আত্মসাৎ গ্রেপ্তার ৩

বিদেশে থেকে সহকর্মীর কাছে পাঠানো স্বর্ণালংকার ও মোবাইল ফোন তার স্বজনদের ফেরত না দিয়ে আত্মসাৎ করার অভিযোগে ওই সহকর্মী মালয়েশিয়া প্রবাসী ও তার বাবা এবং ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি আসাদুজ্জামান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি গ্রামের খলিলুর রহমান প্যাদা (৪৫), তার মালয়েশিয়া প্রবাসী ছেলে জাবেদ হোসেন ইমন (২০) ও অপর ছেলে মো. কাউসার (২৩)। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামচরি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম। মামলার বরাত দিয়ে ওসি আসাদুজ্জামান জানান, বাদীর ফুফাতো ভাই ফয়সাল আহমেদ শুভ্র ৬ বছর ধরে মালয়েশিয়া থাকেন। মালয়েশিয়ায় ইমন ছিলেন তার সহকর্মী। গত ২২ জুন তিনি দেশে ফেরেন। শুভ্র তার কাছে ৯৩ দশমিক ৯৮ গ্রাম ওজনের ৮ লাখ ৮৩ হাজার টাকার স্বর্ণালংকার ও একটি দামি মোবাইল ফোন পাঠান। সেগুলো হজরত শাহজালাল বিমানবন্দর থেকে বাদীর সংগ্রহ করার কথা ছিল। সেগুলো সংগ্রহে আরিফুল গত ২৩ জুন বিমানবন্দরে গেলেও ইমন কৌশলে সেখান থেকে পালিয়ে যান।

পরে ইমনের বাড়িতে গিয়ে স্বর্ণালংকার ও মোবাইল ফোন চাইলে তিনি সেগুলো বিমানবন্দরে যাওয়া স্বজনকে দিয়েছেন বলে জানান। এরপর আরিফুল ইসলাম কাউনিয়া থানায় মামলা করেন।