গাজীপুরের শ্রীপুরে এক গৃহকর্মী শিশুকে বাড়ির মালিক ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির মায়ের অভিযোগ পেয়ে গতকাল শনিবার সন্ধ্যায় গৃহকর্তাকে আটক করেছে পুলিশ।
ওই গৃহকর্তার নাম ফরহাদুজ্জামান (৩৮)। তিনি পেশায় ফিজিওথেরাপি চিকিৎসক। সবার কাছে তিনি ডাক্তার ফরহাদ নামে পরিচিত। তিনি শ্রীপুর পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের বড় মসজিদ (মডেল মসজিদ) এলাকার আবুল হাশেম উকিলের ছেলে। প্রতিবেশীরা জানান, ডা. ফরহাদুজ্জামান তার নিজস্ব বাড়ির নিচে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে ব্যথা নিরাময়ে আল আরাফ ফিজিওথেরাপি সেন্টার নামে কার্যক্রম চালাচ্ছেন।
এদিকে নির্যাতনের শিকার শিশুটি (১৪) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বাসিন্দা। তার বাবা পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক। শ্রীপুরে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন তিনি। শ্রীপুর মডেল থানার ওসি ফরহাদুজ্জামানকে আটকের তথ্য নিশ্চিত করেছেন।