সেই কিশোর গ্যাং নেতা নিশান তিন দিনের রিমান্ডে

চট্টগ্রামে দন্ত চিকিৎসক কোরবান আলী হত্যা মামলায় কারাগারে থাকা সেই কিশোর গ্যাং নেতা  গোলাম রসুল নিশানের তিনদিনের এবং তার সহযোগী আরিফুল্লাহ রাজুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রাসেল সরকার।

রবিবার (৩০ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম রুমানা আক্তারের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৭ জুন চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবিউল আলমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশ (বন্দর-পশ্চিম) বিভাগের উপপরিদর্শক (এসআই) ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে গত ২৬ জুন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গোলাম রসুল নিশান ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি। নগরের আকবর শাহ থানার পশ্চিম ফিরোজ শাহ এলাকায় তার বাড়ি। নগরের বিভিন্ন থানায় তার (নিশান) বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মারামারির অভিযোগে সাতটি মামলা রয়েছে।

গত ৫ এপ্রিল নগরের আকবর শাহ থানার পশ্চিম ফিরোজ শাহ আবাসিক এলাকায় দন্ত চিকিৎসক  কোরবান আলীকে পিটিয়ে আহত করেন গোলাম রসুলের কিশোর গ্যাংয়ের সদস্যরা। মাদ্রাসাপড়ুয়া ছেলে আলী রেজাকে বাঁচাতে এসে হামলার শিকার হন কোরবান আলী। চিকিৎসাধীন অবস্থায় গত ১০ এপ্রিল মারা যান তিনি। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে আকবর শাহ থানায় হত্যা মামলা হয়। এরপর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। তারা কারাগারে রয়েছেন। পলাতক রয়েছেন মো. সামি, মো. রিয়াদ ও আকবর।