বিশ্বকাপ 'স্বপ্নপূরণে'র পর টি-টোয়েন্টি ক্রিকেটকে 'বিদায়' জাদেজার

বিরাট কোহলি, রোহিত শর্মার পথ অনুরসণ করে এবার রবীন্দ্র জাদেজাও সরে দাঁড়ালেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে। তিনিও জাতীয় দলের জার্সিতে আর সংক্ষিপ্ততম ফরম্যাটে আর খেলবেন না বলে জানিয়ে দিলেন।

শনিবার ব্রিজটাউনের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এই টুর্নামেন্টে সিনিয়র খেলোয়াড় জাদেজার ব্যাট-বলের পারফরম্যান্স আশানুরুপ ছিল না।  

তবে গত দশকে বিশ্ব ক্রিকেটে আধিপত্য বিস্তার করেছিলেন জাদেজা। তিনি তিনটি ফরম্যাটেই ভারতীয় দলকে ভরসা জুগিয়েছেন। জাদেজা সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে পরিচিতিও তৈরি করেছেন। তবে এবার টি২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করতে না পারার পর, ৩৬ বছর বয়সী সংক্ষিপ্ততম ওভার থেকে সরে দাঁড়ানোরই সিদ্ধান্ত নেন।

বিশ্বকাপ জয়ের একদিন পর ইনস্টাগ্রাম পোস্টে জাদেজা লিখেছেন, 'কৃতজ্ঞতায়পূর্ণ হৃদয় নিয়ে, আমি আন্তর্জাতিক টি২০ ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। গৌরবের নেশায় অবিচল ঘোড়া যেমন ছুটে চলে, তেমনই আমিও দেশের জন্য সর্বদা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। বাকি দুই ফরম্যাটে ওই চেষ্টা অব্যাহত থাকবে। টি২০ বিশ্বকাপ জেতার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হয়েছে। বিশ্বকাপ দিয়ে টি২০ ফরম্যাটের চূড়ায় নিজের নাম রেখে শেষ করতে পেরেছি। এই স্মৃতি, উদযাপন এবং সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ।'

৩৫ বছর বয়সী জাদেজা ৭৪ টি-টোয়েন্টিতে ৫১৫ রান করেছেন, উইকেট নিয়েছেন ৫৪টি।