ইডেনে একদিনে ১৫ উইকেটের পতন, জয়ের স্বপ্ন ভারতের

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম

কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত ও দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দিনে পড়েছিল ১১ উইকেট। আজ দ্বিতীয় দিনে পড়েছে ১৫ উইকেট। দুই দিনে মোট ২৬ উইকেট পতনে বোঝাই যাচ্ছে ম্যাচটা যে লো স্কোরিং। তবে ম্যাচে দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে আছে স্বাগতিক ভারতই। জয়ের স্বপ্ন দেখছে তারা।

দ্বিতীয় ইনিংসে ৬৩ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। হাতে আছে মাত্র ৩ উইকেট।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১৫৯ রানে অলআউট হয়। ১ উইকেটে ৩৭ রান নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করা ভারত প্রথম ইনিংসে অলআউট হয় ১৮৯ রানে। ৩০ রানের লিড পায় তারা। ভারতের ইনিংসে সর্বোচ্চ ৩৯ রান করেন লোকেশ রাহুল। ওয়াশিংটন সুন্দর করেন ২৯ রান। এছাড়া ২৭ রান করে আসে রিশাব পান্ত ও রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। ৩০ রানে ৪ উইকেট নেন সিমন হারমার।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে ৯৩ রান তুলতে ৭ উইকেট হারিয়ে দিন শেষ করে। প্রোটিয়াদের আশা হয়ে টিকে আছেন অধিনায়ক টেম্বা বাভুমা। ২৯ রানে অপরাজিত তিনি, তৃতীয় দিনে তাকে সঙ্গ দেবেন করবিন বশ (১*)।

দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে অল্পতে বেধে ফেলে ভারত ম্যাচ জয়ের স্বপ্ন দেখতে পারছে জাদেজার দারুণ বোলিংয়ে। জাদেজা আজ ১৩ ওভার বল করে ২৯ রানে ৪ উইকেট নেন। কুলদীপ দুটি ও অক্ষর নিয়েছে এক উইকেট। ভারত খেলা শুরু করেছিল ৯ উইকেট হাতে রেখে, আর দক্ষিণ আফ্রিকা ৭ উইকেট হারিয়েছে আজ। তবু একদিনে উইকেট পতন ১৫ কারণ, শুবমান গিল রিটায়ার্ড হার্ট হন। অর্থাৎ তার উইকেট পতন হয়নি, ইনজুরির কারণে খেলতে পারেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত