গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহতের ঘটনায় উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক মো. কামরুল হাসান।
সদর থানার ওসি মো. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা চেয়ারম্যান লুটুল ভূঁইয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান।
গত ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গোপালগঞ্জ সদর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরবর্তী সহিংসতায় গত ১৪ মে রাত সাড়ে ৮টার দিকে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ওসিকুর ভূঁইয়া নামে এক যুবক বিজয়ী চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থকদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ ঘটনায় ১৬ মে রাতে নবনির্বাচিত চেয়ারম্যান লুটুল ভূঁইয়াকে প্রধান আসামি করে ২৩ জনের নাম উল্লেখ করে এবং ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়।