চেয়ারম্যানের বাড়ি থেকে ভিজিএফের ৩১৮ বস্তা চাল জব্দ

পটুয়াখালীর আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফের ৩১৮ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজার জলিশাস্থ গ্রামের বাড়ির একটি আধাপাকা ঘর থেকে গত শনিবার রাত ১০টার দিকে সরকারি এ চাল জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ অভিযান চালিয়ে সরকারি বস্তায় ভরা ৩১৮ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চাল জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের হেফাজতে রাখেন। ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা অবশ্য এই চাল আত্মসাৎ চেষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের অসচ্ছল জেলেদের চাল নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত খরচ বাঁচাতে তিনি চালগুলো বাড়ি এনেছিলেন। এখানে তার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না।

স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ অভিযান চালিয়ে আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজার জলিশাস্থ গ্রামের বাড়ির একটি আধাপাকা ঘর থেকে ৩১৮ বস্তা সরকারি চাল জব্দ করেন। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা, এসিল্যান্ড, দুমকি থানার ওসি তারেক মো. হান্নান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে ইউএনও শাহীন মাহমুদ বলেন, ‘ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট গুদামের বাইরে সরকারি বরাদ্দের চাল রাখা বিধিসম্মত নয়। পরিষদের সিদ্ধান্ত এবং প্রশাসনকে না জানিয়ে কোনো বাড়িতে সংরক্ষণের সুযোগ নেই। চাল জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’