শ্রেণিকক্ষে ঝুলছিল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুম থেকে আফিয়া আক্তার (১৪) নামে ৯ম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুলাই) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের নতুন ভবনের চার তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শিক্ষার্থী ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর গ্রামের শিক্ষক আমির হোসেনের মেয়ে।

আফিয়ার সহপাঠীরা জানায়, সকালে ক্লাসে এসে আফিয়া খুব হাসিখুশি ছিল। প্রতিদিনের মতো সবার সাথে কথা বলেছে। ১১ টার কিছু আগে ও বাথরুমে যাওয়ার কথা বলে ক্লাস থেকে বের হয়। এর কিছু সময় পর বিদ্যালয়ের অন্য এক শিক্ষার্থী চিৎকার দিয়ে জানায়, চার তলার একটি কক্ষে ফ্যানের সাথে ঝুলছে একজন ছাত্রী। পরে আমরা শিক্ষকদের সাথে গিয়ে ওকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল ইসলাম বলেন, আমরা আফিয়াকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি একটি আত্মহত্যার ঘটনা মনে হয়েছে। তবে মেয়েটি কি কারণে আত্মহত্যা করেছে আমরা তদন্ত করে দেখছি।