সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে এক তরুণীকে গণধর্ষণের মামলায় গ্রেপ্তার চার আসামিকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (১ জুলাই) দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্টে্রট নুরুল হারুন শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে তাদের জিজ্ঞাসাবাদ করতে আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে রেলওয়ে পুলিশ।
গ্রেপ্তার চারজন হলেন—মোহাম্মদ জামাল (২৭), মোহাম্মদ শরীফ (২৮), মোহাম্মদ আবদুর রব (২৮) ও মোহাম্মদ রাশেদ (২৭)। তারা সবাই ট্রেনে খাবার সরবরাহকারী (ক্যাটারিং সার্ভিস) এস এ করপোরেশনের কর্মচারী। চার আসামির রিমান্ড মঞ্জুরের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম।
গত ২৬ জুন ভোরে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন লাকসাম পার হওয়ার সময় খাবারের বগিতে ১৯ বছর বয়সী ওই তরুণী গণধর্ষণের শিকার হন। ট্রেনটি গত মঙ্গলবার রাত ১০টায় চট্টগ্রামের উদ্দেশে সিলেট ছাড়ে। চট্টগ্রামে পৌঁছায় পরদিন সকাল ৮টায়। ভোরে এ ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় সন্ধ্যায়।
তরুণীর অভিযোগ পেয়ে ঘটনার দিনই জামাল, শরীফ ও রাশেদকে ওই ট্রেন থেকে এবং পরদিন আবদুর রবকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য ট্রেনটির পরিচালক (গার্ড) আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কতৃর্পক্ষ।
ঘটনার পর রাতেই চট্টগ্রাম-সিলেট রুটে চলাচলকারী উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেসে খাবার সরবরাহকারী এস এ করপোরেশনের ক্যাটারিং সার্ভিস স্থগিত করে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপকের কার্যালয় থেকে আদেশ জারি করা হয়।