জমে উঠেছে কোপা আমেরিকা। মাঠের খেলায় যেমন দাপট দেখাচ্ছেন লিওনেল মেসিরা, তেমনই ডাগ-আউটে দেখা যাচ্ছে আর্জেন্টাইন কোচদের জয়জয়কার। ১৬ দলের মধ্যে ৭ দলের কোচই তো আর্জেন্টিনার। আরও মজার তথ্য হলো, এই সাতজনের মধ্যে চার জন টুর্নামেন্টের কোনো না কোনো পর্যায়ে নিষিদ্ধ হয়েছেন। তাদের নিষেধাজ্ঞার কারণও এক!
শুরুটা হয়েছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিকে দিয়ে। উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে দ্বিতীয়ার্ধে প্রায় ১৫ মিনিট দেরি করে মাঠে নামে আর্জেন্টিনা দল। ম্যাচ শেষে কানাডা অভিযোগ করলে স্কালোনিকে এক ম্যাচ নিষিদ্ধ করে কনমেবল কর্তৃপক্ষ। যে কারণে পেরুর বিপক্ষে ম্যাচে ডাগ-আউটে ছিলেন না স্কালোনি।
এরপর ঠিক একই 'অভিযোগে' এক ম্যাচ করে নিষিদ্ধ হয়েছেন চিলির কোচ রিকার্ডো গারেচা, ভেনেজুয়েলার কোচ ফার্নান্দো বাতিস্তা এবং সবশেষ উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। তারা সবাই আর্জেন্টাইন। তাদের মাঝে বিয়েলসা তো গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে পানামা ও বলিভিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামতে দেরি করেন।
আর্জেন্টাইন কোচদের একই কারণে নিষিদ্ধ হওয়া ফুটবল মহলে রসালো আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এই কোচদের কি সময়জ্ঞান কম? নাকি স্রেফ আলসেমি? এভাবে দেরি করার কারণ নিয়ে কেউ মুখ না খুললেও উরুগুয়ের সহকারী কোচ দিয়েগো রেয়েস বলেছেন, "এই নিষেধাজ্ঞাগুলো ভালো কিছু নয়। এটি দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। আমরা (বিলম্ব এড়াতে) সতর্ক ছিলাম, তবু সমস্যার সমাধান করা যায়নি।"