মেসি বিশ্রামে স্কালোনি নিষিদ্ধ

আপডেট : ৩০ জুন ২০২৪, ০২:০৪ এএম

চোটে পড়া লিওনেল মেসিকে ছাড়াই কোপা আমেরিকায় শেষ গ্রুপ ম্যাচ পেরুর বিপক্ষে খেলতে নামছে আর্জেন্টিনা। শুধু অধিনায়ককে নয়, নিষেধাজ্ঞা থাকায় কোচ লিওনেল স্কালোনিকেও ডাগআউটে পাচ্ছে না আলবিসেলেস্তারা। বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামি গার্ডেনসে খেলাটি শুরু হবে।

আগে চিলির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ চলাকালেই দেখা গিয়েছিল মেসি ডান পায়ের উরুতে অস্বস্তি অনুভব করেন। সেই ম্যাচে মেসি ‘শতভাগ’ ফিট না থাকার পরও খেলেন পুরোটাই। ম্যাচের পর মেসি বলেছিলেন, ‘ম্যাচের শুরুতে ডান পায়ের অ্যাডাক্টারে অস্বস্তি অনুভব করি। শক্ত হয়ে আসছিল। যতটা নমনীয় থাকে তেমন ছিল না। তবে ম্যাচটি শেষ করতে পেরেছি।’

পেরুর বিপক্ষে ম্যাচের আগে বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করেননি মেসি। খেলাটি মায়ামিতে হওয়ায় মেসিকে তার বাড়িতে বিশ্রাম নেওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়। শনিবার দলের সঙ্গে আবার যোগ দিলেও অনুশীলন করেছেন ভিন্নভাবে। পরীক্ষায় পেশি রজ্জুতে কোনো চিড় ধরা পড়েনি।

মেসিকে বসিয়ে রাখার ব্যাপারে আর্জেন্টিনা দলের সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল বলেন, ‘সর্বশেষ ম্যাচে লিওর একটু সমস্যা হয়েছে। সে এই (পেরু) ম্যাচটা খেলতে পারবে না। (চোটের) কতটা উন্নতি করে, সেটা বুঝতে আমরা তাকে পর্যবেক্ষণ করব।’ আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি জানিয়েছে, কোয়ার্টার ফাইনাল থেকে মেসিকে পাওয়ার প্রত্যাশায় আছে আর্জেন্টিনা।

মেসি খেলছেন না ফলে আর্জেন্টিনার আজকের ম্যাচের একাদশে পরিবর্তন আসছে নিশ্চিত। তবে চিলি ম্যাচের পরই স্কালোনি আভাস দিয়েছিলেন পেরুর বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তনের। টিওয়াইসি জানিয়েছে, আলেহান্দ্রো গারনাচো থাকতে পারেন আক্রমণভাগে। এছাড়া ভ্যালেন্তিন কারবোনিরও এই ম্যাচে খেলার সম্ভাবনা আছে। মেসির অনুপস্থিতিতে সাধারণত ডি মারিয়া নেতৃত্ব দিয়ে থাকেন।

চিলির বিপক্ষে ম্যাচে বিরতির পর দেরিতে মাঠে ফেরার অপরাধে স্কালোনিকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে দক্ষিণ আফ্রিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। পেরুর বিপক্ষে তাই ডাগআউটে দেখা যাবে না স্কালোনিকে। তার জায়গায় কোচের ভূমিকায় পাবলো আইমার অথবা রবার্তো আয়ালাকে দেখা যেতে পারে। স্কালোনির মতো চিলি কোচ রিকার্দো গারেকাও বিরতির পর মাঠে দেরিতে ফেরায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।

এ গ্রুপে প্রথম দুই ম্যাচ জিতে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। আজ এক পয়েন্ট পেলেই কোপার বর্তমান চ্যাম্পিয়নরা হবে গ্রুপসেরা। পেরুর বিপক্ষে ৩৬ ম্যাচে জয় পেয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ড্র ১৪ ম্যাচে, হেরেছে ৭টিতে। সবশেষ ১৯৯৭ সালে পেরু জিতেছিল আর্জেন্টিনার বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত