ছয় বছরের বিবাহিত জীবন তাদের। দুটি সন্তান আছে। পরিবারে আসতে চলছে আরেকজন অতিথি। এমন অবস্থায় স্ত্রীকে চাকরি ছেড়ে সন্তান লালন-পালন করতে বলেন স্বামী। বিপরীতে স্ত্রী চান স্বামীর নামে থাকা কোম্পানির অর্ধেক মালিকানা। আর এই দাবি মেনে নিয়েছেন স্বামী। কোম্পানির ৪৯ শতাংশের মালিকানা দিয়েছেন স্ত্রীকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কিছুদিন আগে ওই নারী তার চাওয়া কতটুকু যৌক্তিক তা জানতে নেটিজেনদের শরণাপন্ন হন।
মার্কিন সোশ্যাল মিডিয়া রেডিটের এআইটিএএইচ কমিউনিটিতে ওই নারী লেখেন, ‘আমার স্বামী চায় আমি চাকরি ছেড়ে গৃহিণী হয়ে থাকি। তার এমন কথায় আমি খুব বিরক্ত হই। যদিও তিনি আমাকে বোঝাতে চাচ্ছেন, পরিবার ও সন্তানদের ভালোর জন্যই এটা বলছে। তিনি ভালোভাবেই আমাদের দেখভাল করতে পারবেন।’
পোস্টটির শিরোনামে তিনি একটি প্রশ্ন ছুড়ে দেন। লেখেন, আমাকে গৃহিণী হিসেবে চাইলে স্বামীর কোম্পানির অর্ধেক দিয়ে দিতে বলাটা কি অন্যায় হবে? এই দাবির পেছনে একটি কারণও উল্লেখ করেছেন ওই নারী।
তার মতে, বৈবাহিক সম্পর্ক ভেঙে গেলেও তিনি তার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে চান। তার যুক্তি, এত বছর ধরে সংসারের দেখভাল করার পর স্বামীর সঙ্গে যদি ডিভোর্স হয়ে যায়, তখন তিনি নিঃস্ব হয়ে যাবেন। পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর তার অবস্থানের পক্ষে ২৩ হাজারের বেশি নেটিজেন সমর্থন দিয়েছেন। অনেকে লিখেছেন, তার দাবি ন্যায্য। পরে ওই নারী আরেক পোস্টে জানান তার স্বামী দাবি মেনে নিয়েছেন।