ফেসবুকে ভুয়া পেজ, আইডি

এতিমখানার নামে সহায়তা চেয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

দিনাজপুর জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ফেসবুক পেজ ও আইডি খুলে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার নামে কোরআন শরীফ, কার্পেট, চেয়ে প্রতারণা করার অভিযোগে রবিউল ইসলাম রবি (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গতকাল সোমবার দুপুরে দিনাজপুর সদর সার্কেলের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন। এ সময় ডিবির ওসি সোহেল রানা উপস্থিত ছিলেন। এর আগে রবিবার সন্ধ্যায় শহরের যোগেনবাবুর মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার রবিউল শহরের বড়বন্দর এলাকার বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, রবিউল জেলা পুলিশের নামে ফেসবুক পেজ খুলে এতিম খানা ও মাদ্রাসার নামে আর্থিক সহায়তা চেয়ে পোস্ট করে। এ ছাড়া দিনাজপুরের  বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নামে আইডি খুলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করে প্রতারণা করে আসছিল রবিউল।