ঝিনাইদহে বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলীর অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। গতকাল সোমবার সকালে ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী সময় টিভির সাংবাদিক লোটাস রহমান সোহাগের ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে ভাঙচুর করেন।
ভুক্তভোগী সাংবাদিক লোটাস রহমান সোহাগ জানান, জেলার বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন সময় অতিরিক্ত বিল, অতিরিক্ত টাকা দাবি, নোটিস ছাড়া সংযোগ বিচ্ছিন্ন ও অতিরিক্ত লোডশেডিং এমন অসংখ্য অভিযোগ রয়েছে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে। গতকাল সোমবার সকালে এ বিষয়ে বক্তব্য জানতে তার অফিসে গেলে তিনি ক্ষুব্ধ হন। একপর্যায়ে তিনি ক্যামেরা ছিনিয়ে নেন এবং চিত্র সাংবাদিকসহ দুজনেরই মোবাইল ফোন কেড়ে নিয়ে লাঞ্ছিত করেন। তিনি ক্যামেরার মেমোরি কার্ড খুলে ভেঙে ফেলেন এবং সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ঝিনাইদহ প্রেস ক্লাবের নেতা ও জেলার অন্যান্য সংগঠনের নেতারাও ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করেন।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক সাংবাদিকরা সড়কে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টির সুষ্ঠু সমাধান করা হবে বলে আশ্বস্ত করলে সাংবাদিকরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।