সুনামগঞ্জে সুরমায় নৌকা ডুবে নিখোঁজ ৩

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদরের পাশের আজমপুর এলাকায় সুরমা নদী পার হতে গিয়ে নৌকাডুবে শিশুসহ তিনজন নিখোঁজ হয়েছেন।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া আহত হয়েছেন নৌকার মাঝিসহ চারজন।

যারা নিখোঁজ হয়েছেন তারা হলেন, আজমপুর আশ্রয়ণ প্রকল্পের আইনুল মিয়ার স্ত্রী জোৎস্না বেগম (৩৫) ও দেড় বছরের মেয়ে শিশু হাফিজা বেগম, প্রতিবেশি মৃত নূর আলীর স্ত্রী গুল বিবি (৭০)।  নিখোঁজ তিনজনই আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

আহতরা হলেন, আইনুল মিয়ার মেয়ে হাফজা বেগম, গুলবিবির ছেলে জমির হোসেন ও পুত্রবধূ জিবারুন নেছা। নৌকার মাঝির নাম জানা যায়নি। আইনুল মিয়াসহ কয়েকজন সাঁতরে তীরে ওঠেন।   

জানা যায়, সকালে ত্রাণ আনতে আশ্রয়ণ প্রকল্প থেকে আইনুল মিয়া, তার স্ত্রী ও প্রতিবেশীরা ছোট নৌকা নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে দোয়ারাবাজার উপজেলা সদরে যাচ্ছিলেন। মাঝনদীতে হঠাৎ ডেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

এ সময় স্থানীয়রা নৌকার মাঝিসহ চারজনকে উদ্ধার করেন। তবে শিশুসহ তিনজন নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও দোয়ারাবাজার থানার পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।

দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ মিয়া দেশ রূপান্তরকে বলেন, ‘সুরমা নদী পার হওয়ার সময় নৌকাডুবিতে তিনজন নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিয়ে উদ্ধার অভিযান শুরু করেছি। তবে এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি।’