দেশের পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদে থেকে বেনজীর কিভাবে পুলিশের চাকরিকে প্রাইভেট চাকরি দেখিয়ে ৭টি পাসপোর্ট করলেন? পুলিশ বাহিনীতে বেনজীর আহমেদের আইজিপি পদটি কি প্রাইভেট সার্ভিস ছিল? প্রশ্ন রেখে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, বেনজীর পুলিশে চাকরি করাকালে প্রাইভেট সার্ভিস কাকে দিয়েছেন?
আজ বুধবার বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে মুন্সিগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভাড়ায় খাটা ভাগনার বাহিনীর কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা সরকার দেশের পুলিশ বাহিনীর ভেতর বিরোধীদল নির্মূল করার জন্য ভাগনার বাহিনীর মতো কোনো প্রাইভেট বাহিনী তৈরি করেছেন। যেটার প্রধান ছিলেন বেনজীর আহমেদ। তাদের কাজ ছিল বিএনপির নেতাকর্মীদের ধরা, গুম করা এবং খুন করা। তিনি পুলিশের পোষাক গায়ে দিয়ে, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নিয়ে প্রাইভেট চাকরি করেছেন।
তিনি আরও বলেন, ৭ জানুয়ারির আমি-ডামি নির্বাচনের পর যদি সরকার ভাবে তারা পার পেয়ে গেছে এবং ৫ বছর ক্ষমতায় থাকবে- সেটা তাদের দুঃস্বপ্ন ছাড়া আর কিছু নয়। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় বসে তারা দেশটাকে লুটপাট করে শেষ করে দেয়। সরকারের সহযোগীরা, মদদপুষ্ট ব্যবসায়ী গ্রুপ হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিচ্ছে। দেশের ব্যাংক খাত ধংস হয়ে গেছে। মানুষের জীবন-জীবিকা কঠিন সংকটে। সরকারের দুঃশাসনের প্রতিবাদ ভয়ের রাজত্ব সৃষ্টির মাধ্যমে দমনের চেষ্টা চলছে।
বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় সদস্য আ ক ম মোজাম্মল হক, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ইরাদত হোসেন মানু ও হাবিবুর রহমান চাকলাদারসহ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বেগম খালেদা জিয়াসহ বিএনপির সকল জেলবন্দি নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।