বেনজীরের মতো আরও রুই-কাতলা ধরাছোঁয়ার বাইরে: আব্বাস

আপডেট : ০১ জুন ২০২৪, ০৮:৪৪ পিএম

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশপ্রধান বেনজীর আহমেদের মতো আরও রুই-কাতলা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (১ জুন) রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানা বিএনপি আয়োজিত ‘সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ খাবার ও কাপড় বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির একজন নেতাকর্মী কোথায় থাকে, তা খুঁজে বের করতে পারেন। বেনজীর কোথায় থাকল, তা বের করতে পারলেন না। কিভাবে পরিবার নিয়ে বিমানবন্দর ত্যাগ করল। ব্যাংক থেকে কোটি কোটি টাকা কীভাবে তুলে নিয়ে গেল?

মির্জা আব্বাস বলেন, সরকারের মদদপুষ্ট এই সমস্ত দুষ্কৃতকারীরা। বাংলাদেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে নিয়ে যাচ্ছে তাদের মদদ দিচ্ছে সরকার। একে একে সবার নাম প্রকাশ হয়ে যাবে। লুটেরা-খুনি-চোরদের বিচার করবে জনগণ।

তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতি করার লাইসেন্স দিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমান বাকশাল করেছিলেন, সেখান থেকে জিয়াউর রহমান উদারতা দেখিয়ে তাদের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। এখন সত্যিকারে বাকশাল কায়েম হয়ে গেছে। কেউ রাজনীতি করতে পারবে না, কেউ কথা বলতে পারবে না, কেউ মিছিল করতে পারবে না। চলছে লুটপাটের রাজত্ব চলছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমদে, নগর বিএনপি সদস্যসচিব রফিকুল আলম মজনু, সদস্য কাউন্সিলর জুম্মন মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ। এরপর তিনি যাত্রাবাড়ী থানাধীন নবীনগর গেটে যাত্রাবাড়ী থানা বিএনপির দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচিতে শরীক হন। এখানে নগর বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লা নবী, সদস্য জামসেদুল আলম শ্যামলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত