আখ চুরির অপবাদে মুন্সীগঞ্জে টঙ্গীবাড়িতে গাছের সঙ্গে বেঁধে এক শিক্ষার্থীকে মারধর করার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় আব্দুল করিম মাদবর (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থী মো. সিয়ামের (১২) চাচা বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় মামলা দায়ের করেন। পরে দুপুর ২টার দিকে পুলিশ মামলার অভিযুক্ত আসামি ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে।
গত সোমবার (১ জুলাই) বিকেলে জেলার টঙ্গীবাড়ি উপজেলার পূর্ব নিতিরা গ্রামে নিতীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সিয়ামকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে ওই গ্রামের আব্দুল করিম মাদবর। ছাত্র সিয়াম একই উপজেলার সোনারং গ্রামের টুকু সরদারের ছেলে। বৃদ্ধ আব্দুল করিম পূর্ব নিতিরা গ্রামের বাসিন্দা।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, মা-বাবার মধ্যে বিয়ে বিচ্ছেদ হওয়ায় ছাত্র সিয়াম নিতিরা গ্রামের নানা মন্নান শেখের বাড়িতে থাকে। সম্প্রতি ওই গ্রামের আব্দুল করিম মাদবরের জমি থেকে আখ চুরি হয়। ওই চুরির অপবাদ দিয়ে ছাত্র সিয়ামকে ধরে নিয়ে গাছের সঙ্গে হাত বেঁধে লাঠি দিয়ে মারধর করা হয়।
ছাত্রের চাচা ডা. মো. আলমগীর সরদার বলেন, সিয়াম আখ চুরির সঙ্গে জড়িত নয়। তারপরও তাকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে। আর সেই নির্যাতনের ভিডিও সবাই দেখেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই থানায় মামলা দায়ের করেছি।