আনার হত্যা মামলায় আসামি ফয়সালের স্বীকারোক্তি

ঝিনাইদাহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের হত্যা মামলায় গ্রেপ্তার ফয়সাল আলী সাহাজী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে। গতকাল বুধবার ছয় দিনের রিমান্ড শেষে ফয়সালকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান।

আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন ফয়সালের জবানবন্দি রেকর্ড করেন।

এর আগে গত মঙ্গলবার আরেক আসামি মোস্তাফিজুর রহমান ফকির একই আদালতে জবানবন্দি দিয়েছিলেন। গত ১২ মে সন্ধ্যায় আনোয়ারুল আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌস শেরেবাংলা নগর থানায় এ মামলাটি করেন।

এ মামলায় শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্লাহ সাঈদ, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানকে গ্রেপ্তার করা হয়। রিমান্ড শেষে তাদের এই আদালত স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে। ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু রিমান্ড শেষে কারাগারে আছেন।