পিতৃত্বকালীন ছুটি চেয়ে শিশু ও মায়ের রিট

সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটি নিশ্চিতের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আইজীবী ইশরাত হাসান ও তার সন্তান নুবাইদ বিন সাদী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন। তবে, শিশুটির পক্ষে তার বাবা রিট আবেদনের হলফনামায় স্বাক্ষর করেন।

কার্যতালিকায় এলে হাইকোর্টের সংশ্লিষ্ট একটি শাখায় আবেদনটির ওপর শুনানি হবে বলে জানান অ্যাডভোকেট ইশরাত হাসান। আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, সংসদবিষয়ক সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, সমাজ কল্যাণ সচিব, স্বাস্থ্য সচিব, শ্রম সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনের যুক্তিতে আইনজীবী বলেন, নবজাতক জন্ম নিলে সন্তানের দেখভালে কর্মজীবী নারীদের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রয়েছে। এ ছুটি এখন ছয় মাস করে। নবজাতকের যত্ন ও দেখভালে কেবল তার মা মুখ্য ভূমিকা পালন করে এমন ধারণার পরিবর্তন হচ্ছে। এক্ষেত্রে সন্তানের বাবার ভূমিকা কম নয়। কেন না নবজাতকের জন্মের পর শিশু এবং তার মায়ের ব্যাপক পরিচর্যার প্রয়োজন হয়। এখনকার সময়ে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের হার বেড়েছে। এই সময়ে নবজাতকের মায়ের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা জরুরি। কিন্তু এমন পরিস্থিতিতেও দেশে নবজাতক সন্তানের বাবাদের সে সুযোগ নেই।

অ্যাডভোকেট ইশরাত দেশ রূপান্তরকে বলেন, পৃথিবীর ৭৮টি দেশে পিতৃত্বকালীন ছুটি আছে বলে রিট আবেদনে উল্লেখ করেছেন তিনি। তিনি বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক যে সন্তানের জন্মের পর কর্মজীবী বাবারা কোনোরকম ছুটি পান না। গুরুত্বপূর্ণ এই সময়ে স্ত্রী ও সন্তানের পাশে থাকতে পারেন না তারা। অথচ সন্তানের সান্নিধ্যে ক্ষেত্রে বাবা ও মা দুজনেরই সমান ভূমিকা থাকা উচিত। এসব বিবেচনায় এই রিট আবেদনটি করা হয়েছে।’