শিশুকে ধাক্কা দিয়ে পালানোর সময় মোটরসাইকেল উল্টে চালক নিহত

চট্টগ্রাম নগরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধাক্কা দিয়ে পালানোর সময় উল্টে গিয়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে পতেঙ্গা সৈকতের চর পাথরঘাটা এলাকার ওয়াকওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম মন্জুর আলম শিপন (২২)। তিনি নগরের ধনিয়ালাপাড়া এলাকার আবদুল মতিনের ছেলে। অন্যদিকে আহত শিশুর নাম মাইমুন আক্তার (৫)৷ সে চাক্তাই চামড়ার গুদাম এলাকার মামুনুর রশিদের মেয়ে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পতেঙ্গা মডেল থানার এস আই আশীষ দে জানান, পতেঙ্গা সমুদ্র সৈকতে মা-বাবার সঙ্গে ঘুরতে এসেছিল মাইমুন। ওয়াকওয়েতে ধরে তারা হাঁটছিলেন। পেছন থেকে এসে প্রথমে মায়মুনকে ধাক্কা দিয়ে শিপন পালানোর চেষ্টা করলে  ওয়াকওয়েতে তার বাইক উল্টে গেলে তিনি পড়ে যান।  আঘাত লেগে ঘটনাস্থলেই শিপনের মৃত্যু হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় পাঁচ বছর বয়সী এক শিশু আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।