অস্ত্র বা অর্থ দিয়ে সহায়তা করলেও জার্মানি কোনোভাবেই ইউক্রেন যুদ্ধে জড়াবে না বলে এবার গ্যারান্টি দিলেন দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎস। যুদ্ধে শুরুর পর থেকে ইউক্রেনকে বিপুল অস্ত্র ও অর্থ দিলেও সেখানে সেনা পাঠানোর বিষয়টি অস্বীকার করে এসেছেন। গত বুধবার পার্লামেন্টে এক বামপন্থি এমপির প্রশ্নের জবাবে শলৎস ইউক্রেনে সেনা না পাঠানোর বিষয়ে বলেন, আমি এই গ্যারান্টি দিচ্ছি। চ্যান্সেলর হিসেবে আমি এটাকে (সেনা না পাঠানো) সমর্থন করি।
এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছিলেন, ইউক্রেনে সামরিক প্রশিক্ষকদের পাঠাতে তার কোনো আপত্তি নেই। তখন শলৎস বলেছিলেন, তিনি জার্মান সেনাকে যুদ্ধক্ষেত্রে পাঠাবেন না।
তবে কিয়েভকে কার্যত আত্মসমর্পণ করতে হবে, এমন কোনো শর্তে যুদ্ধ বন্ধ করার প্রস্তাবে জার্মানি সায় দেবে না বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, ইউক্রেনের শর্তাধীন আত্মসমর্পণ জার্মানির পক্ষে মানা সম্ভব নয়। তা কখনই সমর্থন করবে না।