গাজায় যুদ্ধবিরতির নতুন আলোচনায় আশার আলো

গাজা উপত্যকায় প্রায় ৯ মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে হামাস মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে ইসরায়েলকে নতুন করে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। গত বুধবার কাতারের মাধ্যমে দেওয়া হামাসের এই প্রস্তাব মূল্যায়ন করে দেখার কথা জানিয়েছে ইসরায়েল।

গাজায় বেসামরিক ফিলিস্তিনি নিহত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে যুদ্ধের কারণে সেখানকার মানবিক পরিস্থিতি প্রতিনিয়ত আরও বেশি বিপর্যয়কর হয়ে উঠছে। এতে একটি যুদ্ধবিরতিতে সম্মত হতে ইসরায়েল ও হামাস উভয়ের ওপরই বাড়ছে আন্তর্জাতিক চাপ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় তিন স্তরের এক রূপরেখা ঘোষণা করেন।

হামাস চায়, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং সেখান থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার। অন্যদিকে, ইসরায়েল বলেছে, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার দিন ইসরায়েল থেকে যত জিম্মিকে গাজায় ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাদের সবাইকে মুক্তি না দেওয়া পর্যন্ত সেখানে ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে বারবার বলে আসছেন, হামাসকে গাজা থেকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত ওই অভিযান শেষ হবে না।

এই অবস্থায় গত বুধবার সন্ধ্যায় হামাস এক বিবৃতিতে বলেছে, গাজায় যুদ্ধ শেষ করতে তারা কাতার, মিসর ও তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। সংগঠনটি বলেছে, কাতারে অবস্থানরত হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া একটি চুক্তিতে উপনীত হতে নতুন ভাবনা নিয়ে কাতার ও মিসরের মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা ও আলোচনা করে চলেছেন।

নেতানিয়াহুর কার্যালয় ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষ থেকে হামাসের নতুন ভাবনা মূল্যায়ন করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।