আমার মধ্যে ভয়টা খুব কম

নানা কারণে বছর জুড়ে আলোচনায় থাকেন ‘ঠোঁটকাটা’ স্বভাবের নায়িকা স্বস্তিকা মুখার্জি। তার পরবর্তী ওয়েব সিরিজ ‘বিজয়া’। খুব শিগগির হইচইয়ে মুক্তি পাবে এটি। এতে একজন লড়াকু মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিরিজের মুক্তি উপলক্ষে সাক্ষাৎকারে নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। পাশাপাশি উঠে এসেছে ব্যক্তিগত জীবনও। আলাপচারিতায় তার কাছে জানতে চাওয়া হয়, ওয়েব সিরিজের গল্পের মতো বাস্তবজীবনে আপনিও খুব স্পষ্ট বক্তা। এতে করে আপনার ভয় করে না? স্বস্তিকা মুখার্জি বলেন, ‘আমি খুবই নির্ভীক। আমার মধ্যে ভয়টা খুব কম। আমি এটা বললে, মানুষ আমাকে গালাগাল দেবে, ভয় দেখাবে, এগুলো ভেবে পিছিয়ে যাই না। আর লোকে কী বলবে? লোকে আমাকে নিয়ে কী ভাববে? এটা আমাকে একেবারেই বিচলিত করে না। তাই আমার যেটা ঠিক মনে হয়, আমি সেটাই করি।’

বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এমনিতেই নারীদের অ্যাটাক বা আক্রমণ করার সোজা পথ হলো, তাকে ‘বেশ্যা’ বলে দেওয়া। আমি এত বছর ধরে সিনেমায় কাজ করছি, এত ছোট বয়স থেকে এই শব্দটা শুনে আসছি যে, এখন আমার কাছে আর কিছু মনে হয় না। উল্টো আমি সম্মানিত বোধ করি। কোথাও মনে হয় যে, তারাও তো আমাদের সমাজেরই একটা অংশ, তাহলে কেন এটা নিয়ে লজ্জিত হব।’