যুবলীগ নেতার সেই বালুমহালে প্রশাসনের লাল পতাকা

ফেনীর সোনাগাজীতে যুবলীগ নেতার সেই বালুমহালে অবশেষে লাল পতাকা টানিয়েছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাহেবেরঘাট সেতুসংলগ্ন ছোট ফেনী নদীর ওই বালুমহালে লাল পতাকা টানানো হয়। এর আগে গত ১৩ জুন দৈনিক দেশ রূপান্তরে ‘এলাকা পানিতে ডুবিয়ে বালু বাণিজ্য যুবলীগ নেতার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

এ বিষয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘পত্রিকায় সংবাদ প্রকাশের পর ঈদের ছুটি শুরু হওয়াতে লোকবলের অভাবে পদক্ষেপ গ্রহণ করা যায়নি। পরে সংবাদ যাচাই করে সত্যতা পেয়ে প্রথমে আমরা দখলকৃত সরকারি খালের সীমানা নির্ধারণের উদ্যোগ গ্রহণ করি। এর ধারাবাহিকতায় দখলকৃত স্থানে লাল পতাকা টানিয়ে দিয়েছি। কয়েক দিনের মধ্যেই সরকারি খাল দখলমুক্ত করা হবে। একই সঙ্গে খাল দখল করে বালু বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’

জানা যায়, গত ৫ বছর আগে উপজেলার সাহেবেরঘাট সেতুসংলগ্ন ছোট ফেনী নদীতে বালুমহালের অনুমোদন প্রদান করে ফেনী জেলা প্রশাসন। অনুমোদন পেয়ে ইজারাদারের সহযোগী উপজেলা যুবলীগের সদস্য আবদুর রাজ্জাক সেন্টু ইজারার শর্ত ভঙ্গ করে সেতুসংলগ্ন স্থান থেকে বালু উত্তোলন শুরু করে, যাতে পিলারের মাটি সরে গিয়ে সেতু হুমকিতে পড়ে। একই সঙ্গে অপরিকল্পিত বালু উত্তোলনের প্রভাবে একাধিক স্থানে পাড় ভেঙে নদীতে তলিয়ে যায়।