জেলার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম কাগুজীকে চিংড়ি মাছের ঘেরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সাতক্ষীরার শ্যামনগর থানার সাব ইন্সপেক্টর এসআই সরল কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে কোনো এক সময়ে তার গ্রাম খোলপেটুয়ায় মাছের ঘেরে কাশেম কাগুজীকে (৪৫) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আবুল কাশেম মৃত নেছার আলী কাগুজীর ছেলে।
হত্যা নিশ্চিত করে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। ঘের কর্মচারীদের খবরে কাগুজীর পরিবারের লোকজন ও পুলিশ সেখানে যায়। সাতক্ষীরায় লাশের ময়নাতদন্ত হয়েছে। তার পরিবার এখনো মামলা দায়ের করেনি। তবে মামলার প্রক্রিয়া কুপিয়ে হত্যা চলমান রয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি বলেও জানান পুলিশ কর্মকর্তা সরল বিশ্বাস।
কাশেম কাগুজীর ছেলে আবু হুরায়রা জানান, গাবুরা এলাকাটি অত্যন্ত সন্ত্রাসপ্রবণ। সেখানে জমিজমা সংক্রান্ত বিরোধ লেগেই থাকে। তার বাবা অত্যন্ত নিরীহ প্রকৃতির লোক ছিলেন। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন তিনি।
কৃষক লীগের শ্যামনগর উপজেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম খোকন বলেন, আবুল কাশেম কাগুজী কৃষক লীগের গাবুরা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক এবং তার প্রতিবেশী ছিলেন। সংগঠন ও দলের নিবেদিত নেতা ছিলেন তিনি। রাতে কোনো এক সময়ে তাকে হত্যা করা হয়েছে। গাবুরার খোলপেটুয়া তথা ১ নম্বর ওয়ার্ড অত্যন্ত সন্ত্রাসপ্রবণ এলাকা। তিনি অবিলম্বে আবুল কাশেম কাগুজীর খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।