ভোলার দৌলতখানে এইচএসসি এক পরীক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। গলায় ফাঁস দেয়া পরীক্ষার্থীর নাম জোবায়ের রহমান জিতু। সে দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
জিতু উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃধা বাড়ির জসিম মাস্টারের একমাত্র ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেয়া পরীক্ষা ভালো না হওয়ায় পরিবারের সাথে কথা কাটাকাটির জেরে অভিমান করে সে গলায় ফাঁস নেয়।
ওই বাড়ির আলাউদ্দিন মৃর্ধা জানায়, শুক্রবার দুপুর তিনটার দিকে জিতু খাবার খেতে চায়। তার মা রান্না ঘর থেকে খাবার আনতে গেলে এই সুযোগে সে বোনের ওড়না নিয়ে ঘরের পাটাতনের সাথে গলায় ফাঁস দেয়। খাবার এনে তাকে না পেয়ে খোঁজ করতে গিয়ে দেখে সে গলায় ফাঁস দিয়ে ঝুলছে।
মুহূর্তেই এলাকায় হৃদয়বিদারক মর্মান্তিক এ ঘটনাটি ছড়িয়ে পড়লে তার পরিবারের ও হিতাকাঙ্ক্ষীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। ঘটনাস্থলে এসে তার সহপাঠীরা কান্নায় ভেঙে পড়ে।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ সত্য রঞ্জন খাসকেল জানান, ঘটনার পরপরই তারা ঘটনাস্থানে গিয়েছেন এবং জানতে পেড়েছেন পরিবারের সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে। শুক্রবার রাত ১০ টায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।