ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্ব পেলেন একজন নারী। দেশটির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে গতকাল শুক্রবার (৫ জুলাই) র্যাচেল রিভসের নাম ঘোষণা করেন দেশটির নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
এর মধ্য দিয়ে ইতিহাস গড়েছেন র্যাচেল। যুক্তরাজ্যের ৮০০ বছরের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হয়েছেন তিনি। খবর আল জাজিরা এবং বিবিসির।
শিক্ষাজীবন থেকেই লেবার পার্টির সাথে জড়িত ছিলেন যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী র্যাচেল। ২০১০ সালে প্রথমবার এমপি হিসেবে নির্বাচিত হন তিনি।
৪৫ বছরের এই রাজনীতিক ব্যাংক অব ইংল্যান্ডে কাজ করেছেন। ছায়ামন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন একাধিকবার।
২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত ছিলেন জ্বালানি ও শিল্প কমিটির প্রধান। কেইর স্টারমার লেবার প্রধান নির্বাচিত হওয়ার পর থেকেই বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক বিভিন্ন দায়িত্ব পালন করেছেন র্যাচেল।
যুক্তরাজ্যে অর্থমন্ত্রীর পদের নাম ‘চ্যান্সেলর অব একচেকার’।
অর্থমন্ত্রী হওয়ার পর যুক্তরাজ্যের আর্থিক অবস্থা নিয়ে মন্তব্য করেছেন র্যাচেল রিভস। তিনি বলেন, রক্ষণশীল সরকার একটি ক্ষয়প্রাপ্ত অর্থনীতি রেখে গিয়েছে, যা নতুন সরকারের জন্য একটি "চ্যালেঞ্জ" তৈরি করবে।
ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০টি আসনে বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়, দুটি বাদে শুক্রবার পাওয়া যায় ৬৪৮টি আসনের ফল।
গতবারের চেয়ে ২১৪টি আসন নিয়ে কিয়ার স্টারমারের লেবার পার্টি এবার ৪১২টিতে জয় নিশ্চিত করেছে। আর গতবারের চেয়ে ২৫২টি আসন হাতছাড়া হয়েছে কনজারভেটিভ পার্টির, তারা এবার পেয়েছে ১২১টি আসন।