ভারত থেকে ৬ বাংলাদেশি নারী উদ্ধার

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পিএম

ভারতে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে ৬ বাংলাদেশি নারীকে মহারাষ্ট্রে রাজ্যের পুনেতে যৌনপল্লীতে বিক্রির অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। একইসঙ্গে ওই ৬ নারীকেও উদ্ধার করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, গত বুধবার ভোরে পুনের বুধওয়ার পেথ এলাকার যৌনপল্লী থেকে তাদের উদ্ধার করা হয়।

খবরে বলা হয়, পুনের ফারাসখানা পুলিশ ৪ ব্যক্তির বিরুদ্ধে ওই নারীদের জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে মামলা করেছে। এ মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হলেও অন্য দুইজন পলাতক।

গোপন সংবাদের ভিত্তিতে পুনের ডেপুটি পুলিশ কমিশনার (জোন-১) ঋষিকেশ রাওয়ালের নেতৃত্বে স্থানীয় পুলিশের একটি দল যৌনপল্লিতে অভিযান চালিয়ে ওই নারীদের উদ্ধার করে।

একজন পুলিশ কর্মকর্তা বলেন, “উদ্ধার হওয়া এই নারীদের প্রায় চার মাস আগে বাংলাদেশ থেকে পুনেতে আনা হয়েছিল। তাদের কাছে কোনো বৈধ নথিপত্র বা পরিচয়পত্র ছিল না। তারা আমাদের বলেছেন, যে দালালরা তাদের মুম্বাই ও অন্যান্য শহরে আকর্ষণীয় চাকরির প্রতিশ্রুতি দিয়ে সীমান্ত পার করে নিয়ে এসেছিল। পরে দালালরা তাদের পুনেতে এনে যৌনপল্লিতে বিক্রি করে দেয়।”

এর আগে চলতি বছরের মার্চ মাসেও পুনে নগর পুলিশ বুধওয়ার পেথের একটি যৌনপল্লী থেকে ৪ বাংলাদেশি নারীকে উদ্ধার করে। তাদেরও ভালো চাকরির প্রলোভন দেখিয়ে পুনেতে এনে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত