একটি আমের চারা নিয়ে হইচই পড়ে গেছে চারিদিকে। বিক্রেতা একটি আমের চারার দাম হাঁকছেন ৫০ হাজার টাকা। ফরিদপুর শহরের সিভিল সার্জন সড়কে আয়োজিত বৃক্ষমেলায় ‘ফরিদপুর নার্সারি’ নামের একটি স্টলে রয়েছে এ আম গাছের চারা। দাম শুনে আমের চারাটি দেখতে এর মধ্যেই দূর-দূরান্ত মানুষজন আসছেন মেলায়।
বৃক্ষমেলায় গিয়ে জানা যায়, ফরিদপুর নার্সারির মালিক আক্কাস হোসেন ‘চিয়াং মাই’ জাতের আমের চারাটি বিদেশ থেকে সংগ্রহ করেছেন। এটি থাইল্যান্ডের ‘চিয়াং মাই’ জাতের আম গাছ, যার বয়স প্রায় তিন বছর।
নার্সারি মালিক আক্কাস হোসেন বলেন, এ বছর প্রতিটি গাছে ৬ থেকে ৭টি আম ধরেছে। একেকটা আমের ওজন প্রায় ৭০০ থেকে ৮০০ গ্রাম। এ জাতের আম দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। আর দুর্লভ প্রজাতির হওয়ায় এটির দামও বেশি। সবকিছু মিলিয়ে চারাটির মূল্য ৫০ হাজার টাকা ধরা হয়েছে। তবে এ পর্যন্ত কেউ গাছটির দাম বলেননি।